আবদুল বাসেদ,সিনিয়র রিপোর্টার নোয়াখালী:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলম আলো।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সদস্য গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আব্দুর রহমান, আবদুল মোতালেব আপেল এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। পরে আলোচনা সভা শেষে একইভাবে মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে আগামী দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিএনপির নেতৃত্বে চলমান আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।