নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপি ও একটিতে ১১ দলীয় জোটের এনসিপির প্রার্থী জয়লাভ করেছেন। শুক্রবার ভোররাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম তাঁর কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এতে বিএনপির নির্বাচিতরা হলেন, নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ আসনে জয়নুল আবদিন ফারুক, নোয়াখালী-৩ আসনে মো. বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ আসনে মো. শাহজাহান, নোয়াখালী-৫ আসনে মো. ফখরুল ইসলাম। এছাড়া জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া তথা নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা আবদুল হান্নান মাসউদ।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (ধানের শীষ প্রতীক) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক (ধানের শীষ প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী পর্ষদের সদস্য সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার (শাপলা কলি প্রতীক) পেয়েছেন ৬৭ হাজার ৫৪ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে এক লাখ ৪১ হাজার ৩১ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ বরকত উল্লাহ বুলু (ধানের শীষ প্রতীক) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা সেক্রেটারী মাওলানা মোঃ বোরহান উদ্দিন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪১ ভোট।
নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান (ধানের শীষ প্রতীক) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির মোঃ ইসহাক খন্দকার (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনে এক লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়ে বিএনপির উপজেলা সদস্য শিল্পপতি মো. ফখরুল ইসলাম (ধানের শীষ প্রতীক) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের উপজেলা আমির মো. বেলায়েত হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন এক লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া তথা নোয়াখালী-৬ আসনে ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি প্রতীক) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ মাহবুবের রহমান শামীম (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘নোয়াখালীর ছয়টি আসনের ৮৭৫টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এজন্য রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র ৪৮জন প্রার্থী, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ১৭ হাজার কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ১৬ হাজার সদস্য, সাংবাদিক, পর্যবেক্ষকের আন্তরিক প্রচেষ্টা ছিল।