মোঃ নুর হোসাইন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মানুষ চাইলেও তার অতীতকে অতিক্রম বা পরিবর্তন করতে পারে না, তবে অতীত থেকে শিক্ষা নিয়ে তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে। অনেকেই ‘সুপিরিয়র কমপ্লেক্সে’ ভুগে অতীত থেকে শিক্ষা না নিয়ে জীবনের সঠিক পথ হারিয়ে ফেলে।” তিনি শিক্ষার্থীদের অহংকার এড়িয়ে এইচএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফলের জন্য কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আমরা যে পরিবর্তিত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”
নোয়াখালী শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির জনাব ইসহাক খন্দকার। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ক্রেস্ট, বই, ফুল সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।