নোয়াখালীর কৃতি সন্তান গোলাম রাব্বানী রিমন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনে (Amazon) Critical Infrastructure Engineer পদে যোগদান করেছেন। তার এই সাফল্যে গর্বিত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ নোয়াখালীবাসী।
রিমনের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধা ও অধ্যবসায়ের স্বাক্ষর রেখেছেন গোলাম রাব্বানী রিমন। তিনি ২০১৩ সালে এসএসসি এবং ২০১৫ সালে নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে (Electrical Engineering) স্নাতক ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার প্রতি আগ্রহ ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পারডু বিশ্ববিদ্যালয় (Purdue University) থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতকোত্তর (MSc) ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রকৌশল জ্ঞানের সমন্বয়ে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনে Critical Infrastructure Engineer হিসেবে যোগদানের সুযোগ লাভ করেন। এ পদে তিনি ডেটা সেন্টারের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎ, কুলিং, যান্ত্রিক ব্যবস্থা এবং নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করার দায়িত্ব পালন করবেন।
গোলাম রাব্বানী রিমনের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি নোয়াখালীর তরুণ প্রজন্মের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতার মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব—তার পথচলা সেই বার্তাই বহন করে।
ব্যক্তিগত জীবনে গোলাম রাব্বানী রিমন বিবাহিত। তিনি দুই বোনের একমাত্র ভাই। কর্মজীবনের এই নতুন অধ্যায়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম আরও সমুন্নত রাখবেন—এমন প্রত্যাশা তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের।